বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হচ্ছে ঘরমুখো মানুষদের

অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকায় মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে ঝরছে বৃষ্টি। বৃষ্টিতে এবার বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে ঘরমুখো মানুষদের। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ার সময় বৃষ্টিতে নাজেহাল অবস্থা। অনেকেই পিকআপে করে বৃষ্টিতে ভিজেই রাজধানী ছাড়ছেন।

গতকাল মঙ্গলবার (২৬ মে) রাতভর যানজট ছিল। গাজীপুরের দেড় হাজার পোশাক কারখানাসহ প্রায় আড়াইহাজার কারখানায় একযোগে ঈদের ছুটি ঘোষণা করা হয়। এতে দুপুরের পর থেকে ঘরমুখো লাখো মানুষ একসঙ্গে স্টেশনগুলোতে ভিড় করে। মানুষের সঙ্গে মহাসড়কে বাড়ে যানবাহনের চাপ। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে চন্দ্রা হয়ে কালিয়াকৈর পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। ঢাকা থেকে রওয়ানা হয়ে চন্দ্রা পার হতে ৬-৭ ঘণ্টা লেগে যায়। বৃষ্টিতে দুর্ভোগ বাড়ে বহুগুণ। অনেক যাত্রীকেই দেখা যায় কাঙ্ক্ষিত গাড়ি না পেয়ে ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে করে গন্তব্যে যেতে।

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় প্রায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বুধবার (২৭ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights