বৃষ্টিতে ৬ জেলায় বন্যার শঙ্কা

অনলাইন ডেস্ক

দেশের ছয় জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ছয় জেলা হচ্ছে ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং নেত্রকোনা। ভারী বৃষ্টিতে সব নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে।

বৃহস্পতিবার (২৯ মে) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এসব তথ্য জানিয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দুদিন চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী ও ফেনী নদীগুলোর পানি বৃদ্ধি পেতে পারে এবং এই সময় মুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে ফেনী জেলার মুহুরী নদীর আশপাশের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। পরবর্তী এক দিন এসব নদীর পানি কমতে পারে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, মনু, খোয়াই, খলাই ও সোমেশ্বরী নদীগুলোর পানি আগামী তিন দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং এই সময় নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীগুলোর পানি আগামী তিন দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা নদীর পানি সতর্কসীমা অতিক্রম করতে পারে।

গঙ্গা নদীর পানি বর্তমানে স্থিতিশীল, অপরদিকে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। নদীগুলোর পানি আগামী ৫ দিন পর্যন্ত বাড়তে পারে; তবে তা বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights