‘বৃষ্টির কারণে আমাদের সব পরিকল্পনা ভেস্তে গেছে’

অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডের সিরিজের শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। প্রথম ওয়ানডে ম্যাচে ৪৪ রানে হেরে গেছে বাংলাদেশ। রবিবার (২৭ ডিসেম্বর) ডানেডিনে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ডিএলএসে নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান তুলে নিউজিল্যান্ড। ডিএলএসে বাংলাদেশের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় ২৪৪ রানের। সেই লক্ষ্যে খেলতে নেমে ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০০ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

এ ম্যাচের শুরু থেকে বারবারই বাধা হয়েছে বৃষ্টি। প্রথমে ৪৭ থেকে পরে ম্যাচ হয়েছে ৩০ ওভারের। তাতে বোলারদের ঠিকঠাক ব্যবহার করতে পারেনি বাংলাদেশ। এ নিয়ে হতাশা আছে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের কণ্ঠে।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ম্যাচ হারা সব সময় হতাশার। আমাদের কিছুই করার ছিল না, বৃষ্টির কারণে আমাদের সব পরিকল্পনা ভেস্তে গেছে। আমাদের শুরু দারুণ হয়েছিল, অন্য প্রান্ত থেকে আমাদের আরও ভালো করা দরকার ছিল। কন্ডিশনকে আমরা ভালোভাবে কাজে লাগাতে পারিনি। আর বারবার খেলা বন্ধ হওয়ায় ক্যাপ্টেন চাপে পড়ে যাচ্ছিল।’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারই হাফ সেঞ্চুরি ছুঁতে পারেননি। ৩৯ বলে সর্বোচ্চ ৪৩ রান আসে এনামুল হক বিজয়ের ব্যাট থেকে। এ কারণে হয়নি বড় জুটিও। এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল হাথুরুকে।

উত্তরে তিনি বলেন, ‘ওদের বড় স্কোর না করতে পারাটা দুশ্চিন্তার বিষয়। আপনি যদি সমাধান পান আমাকে জানাবেন আমি ওদের জানাবো।’

ডানেডিন থেকে বাংলাদেশের এখনকার গন্তব্য ওয়েলিংটনে। এখানেই নিজেদের পরের ম্যাচটি খেলবে বাংলাদেশ। নেলসনের সেক্সটন ওভালে এর আগে তিন ওয়ানডে খেলে একটি জয় আছে তাদের। স্কটল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ৩২২ রান করেছিল বাংলাদেশ। এবারও বড় রানের আশাই করছেন হেড কোচ হাথুরু।

তিনি বলেন, ‘উইকেট খুবই ভালো। এখানে আমরা আগেও বেশ কয়েকটি ম্যাচ খেলেছি, আমার মনে আছে সেটা ২০১৭ এবং ২০১৫ র বিশ্বকাপে। তখন উইকেট খুবই ভালো ছিল। আউটফিল্ডও খুব ভালো। আশা করছি হাইস্কোরিং ম্যাচ হবে। ডানেডিন থেকে এখানকার অবহাওয়া ভালো এবং ক্রিকেট উপযোগী আশা করছি ভালো ম্যাচ হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights