বৃষ্টির দুর্ভোগেও চার শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
কুমিল্লা প্রতিনিধি
কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কখনো মাঝারি। এর মাঝেই কুমিল্লায় চার শতাধিক রোগীকে বিনামূল্য চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হয়েছে। শুক্রবার(১৭ জুলাই) বুড়িচং উপজেলার শিকারপুরের নূরে মোহাম্মদীয়া মাদ্রাসায় এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এর কর্মসূচির আয়োজন করে।
এ সময় চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি ৩৬ জনকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। তাদের সবাইকে বিনামূল্যে সেবা দেওয়া হবে। এছাড়া প্রয়োজনীয় পরীক্ষা শেষে রোগীদের মাঝে ওষুধও সরবরাহ করা হয়।
চিকিৎসা ক্যাম্পটি পরিচালনা করেন বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক, অপটোমেট্রিস্ট, নার্স এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম। চিকিৎসক দলে ছিলেন সাতজন সদস্য। শিকারপুর মাদ্রাসার স্বেচ্ছাসেবকরা এতে দায়িত্ব পালন করেন।
চিকিৎসক দলের প্রধান বসুন্ধরা আই হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ আহনাফ শাহরিয়ার বলেন, চক্ষু পরীক্ষার পর ৩৬ জন রোগীকে ছানি, টেরিজিয়াম, নেত্রনালির সমস্যা ও অন্যান্য জটিল চক্ষুরোগের অস্ত্রোপচারের জন্য নির্বাচন করা হয়েছে। নির্বাচিত রোগীদের পরবর্তীতে ঢাকায় অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে এনে সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, অস্ত্রোপচার, ওষুধ, থাকা-খাওয়া এবং যাতায়াতের ব্যবস্থা করা হবে।
উপজেলার দত্তপুর গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা ৮০ বছর বয়সী হাজেরা আক্তার বলেন, বেশ কয়েকদিন ধরে চোখে ব্যথা করে। বাম চোখে কিছুই দেখি না। আজকে ডাক্তার স্যারেরা খুব সুন্দর করে দেখছে। ওষুধও দিছে। টাকা নেয়নি।
ভারেল্লা গ্রাম থেকে আসা আরেক রোগী আনু মিয়া বলেন, আমি গত পাঁচ বছর আগে স্ট্রোক করেছি। এখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার খবর পাইছি। চোখে ব্যথা করে। পানি পড়ে। আজকে ডাক্তার দেখাইছি। ওষুধ আর চশমা দিছে।
শিকারপুর গ্রামের আবদুর রহিম বলেন, আমার ছানি ধরা পড়েছে। তারা বলেছেন, ঢাকায় নিয়ে গিয়ে অপারেশন করাবেন। আমি বসুন্ধরা কর্তৃপক্ষের জন্য দোয়া করি।
চিকিৎসা ক্যাম্পের আয়োজকরা জানান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের মানবিক দিকনির্দেশনা এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এই উদ্যোগের মাধ্যমে হাজারো মানুষ দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন এবং মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা তাদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।
