বৃষ্টিহীন ঢাকায় আজও থাকবে গরমের দাপট

অনলাইন ডেস্ক
বৃষ্টিহীন ঢাকায় আজও তীব্র গরম অনুভূত হতে পারে। সকাল থেকে আকাশে হালকা মেঘের উপস্থিতি থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে মৃদু বাতাস বইতে পারে, তবে তা গরমের অস্বস্তি কমাতে তেমন ভূমিকা রাখবে না।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এদিকে, শনিবার প্রকাশিত অন্য এক পূর্বাভাসে জানানো হয়েছে—আজ চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights