বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গে উঠে গেল করোনা বিধি

অনলাইন ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গে আর কোভিডবিধি রইল না। আজ বৃহস্পতিবার টেলি সম্মান প্রদান অনুষ্ঠান থেকে এ কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘‘আজ থেকে কোভিডবিধি প্রত্যাহার করা হলো।’’

যদিও, অনেক দিন ধরেই মাস্ক পরা বা সামাজিক দূরত্ব মানার বিষয়গুলো ট্রেনে, বাসে বা জনবহুল জায়গায় দেখা যাচ্ছিল না। তবুও সরকারি বিধিনিষেধ ছিল। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাহার করে নেওয়া হলো।

মমতা বলেন, ‘‘কোভিডের সময় থেকে মানুষকে অনেক কষ্ট পেতে হয়েছে। মানুষ ঘরবন্দি হয়েছিলেন। সেই সময় তাদের সামনে কোনও অনুপ্রেরণা ছিল না। তারা সিরিয়াল দেখতেন। আজ থেকে সেই কোভিডবিধি প্রত্যাহার করে নেওয়া হলো।’
দিন কয়েক আগেই কেন্দ্রীয় সরকার কোভিডের নতুন প্রজাতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিল। যদিও তার পরে রাজ্যগুলোকে কড়া কোনও বার্তা দেয়নি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ঘটনাচক্রে, তার পরেই রাজ্য সরকার সমগ্র কোভিডবিধি প্রত্যাহার করে নিল।

২০২০ সালের মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ভারতের মতো এ রাজ্যেও কোভিডবিধি জারি হয়েছিল। সেই সময়ে লকডাউন ঘোষণা করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর থেকে কখনও কড়া লকডাউন চলেছে, কখনও তা শিথিল হয়েছে। কিন্তু কোভিডের সাধারণ বিধিনিষেধগুলো জারি ছিল। বৃহস্পতিবার সেই বিধিও উঠে গেল এই রাজ্য থেকে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights