বেক্সিমকোর শেয়ার বিক্রি করে গ্রাহকদের বকেয়া পরিশোধ করা হবে: শ্রম উপদেষ্টা

অনলাইন ডেস্ক

বেক্সিমকো সংশ্লিষ্ট সবার সমস্ত বকেয়া ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত কমিটির ষষ্ঠ সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

শ্রম উপদেষ্টা বলেন, ব্যবসা প্রতিষ্ঠানটির চালু থাকা দুটি কোম্পানি বেক্সিমকো ফার্মা এবং শাইনপুকুর সিরামিক্সের বন্ধকি শেয়ার বিক্রি করে সবার পাওনা পরিশোধ করা হবে। প্রয়োজনে অর্থ মন্ত্রণালয় থেকেও টাকা নেওয়া হবে। তবে নিশ্চিতভাবে পাওনা পরিশোধ করে দেয়া হবে।

তিনি আরও বলেন, আগামী রবিবার শেয়ার বিক্রির বিষয়টি ঠিক করতে ব্যাংকগুলোর সঙ্গে বসবে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশন। বেক্সিমকো টেক্সটাইল অ্যান্ড এপারেলস কোম্পানির মোট ব্যাংক ঋণ ২৮ হাজার কোটি টাকার বেশি। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সংখ্যা ১৬টি। যার বিপরীতে ঋণ ১২ হাজার কোটি টাকা। সবমিলিয়ে বেক্সিমকো লিমিটেডের ৪০ হাজার কোটি টাকার বেশি ঋণ আছে।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত বলেন, কী কাগজপত্রের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ঋণ দিয়েছে, সে বিষয়ে ফেব্রুয়ারির মধ্যে বিভাগীয় ও আইনানুগ পদক্ষেপ নেয়া হবে। কোনো ব্যত্যয় দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights