বেগমগঞ্জে মৎস্য খামারীকে গলাকেটে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক মৎস্য খামারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুলাল চন্দ্র দাস (৫৫) টঙ্গীরপাড় গ্রামের হরলাল চন্দ্র দাসের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, বাড়ির পাশের একটি দীঘি ইজারা নিয়ে গত দুই বছর মাছ চাষ করছেন দুলাল। প্রতিদিনের মতো শনিবার রাত ১টার দিকে বাড়ির দরজায় দীঘি পাহারা দিতে চেয়ারে বসে থাকেন তিনি। ভোর ৪টার দিকে দুলালকে চেয়ারে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেয় তার চাচাতো ভাই রতন। এক পর্যায়ে বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন। তাৎক্ষণিক বেগমগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, তাৎক্ষণিক হত্যার রহস্য জানা যায়নি। তবে খুব দ্রুতই এ নৃশংসতার রহস্য উদঘাটন হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights