বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইদহের মন্দিরে বিশেষ প্রার্থনা
ঝিনাইদহ প্রতিনিধি-
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইদহে
মন্দিরে বিশেষ প্রার্থনা হয়েছে। শনিবার রাতে শহরের চাকলাপাড়া সিদ্ধেশ্বরী কালী
মন্দিরে এ প্রার্থনার আয়োজন করে জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। প্রার্থনা সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা
কীর্তন পরিবেশন, গীতা পাঠ ও বিশেষ প্রার্থনা করেন। তারা সৃষ্টিকর্তার কাছে
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। অনুষ্ঠানে স্থানীয় অনেক ধর্মপ্রাণ
নাগরিক অংশগ্রহণ করেন এবং এককভাবে ও সামগ্রিকভাবে প্রার্থনায় যোগ
দেন।
এ সময় জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তপন বিশ্বাস, সদস্য
সচিব প্রহ্লাদ সরকার, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপঙ্কর কুমার ঘোষ,
সদস্য সচিব বিজন কুমার ঘোষ, যুগ্ম-আহ্বায়ক দিবস দেবনাথ, প্রদীপ রায়,
জেলা আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক নীলকান্ত বিশ্বাসসহ অন্যান্যরা
উপস্থিত ছিলেন।
