বেঞ্চের সাঁকোতে ৩০ হাজার শিক্ষার্থীর চলাচল
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন প্রায় ৩০ হাজার শিক্ষার্থী। ক্যাম্পাস ও একাধিক ভবনের ভিতরে পানি জমে যাওয়ায় বেশ কিছু কক্ষে বেঞ্চের ওপর পা তুলে বসে পরীক্ষা দিতে ও ক্লাস করতে দেখা গেছে। বেঞ্চের সাঁকো বানিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থীদের।
সরেজমিন দেখা গেছে, জলাবদ্ধ কক্ষে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে। পুরো ক্যাম্পাস হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে। ব্যবসায় শিক্ষা ভবনের নিচতলা পুরোপুরি ডুবে রয়েছে। কলাভবন, মিলেনিয়াম ভবন ও কেন্দ্রীয় লাইব্রেরির নিচতলাতেও পানি ঢুকে পড়েছে। অনেক শিক্ষার্থীকে পানির মধ্য দিয়ে ও বেঞ্চের ওপর দিয়ে হেঁটে পরীক্ষাকেন্দ্রে যেতে দেখা গেছে।
বেঞ্চের সাঁকোতে ৩০ হাজার শিক্ষার্থীর চলাচলপরীক্ষার্থী কামাল হোসেন ও আকলিমা আক্তার বলেন, টেবিলের ওপর দিয়ে হেঁটে ক্লাসে প্রবেশ করতে হয়েছে। কলেজের সামনের সড়কেও হাঁটুর ওপরে পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক অটোরিকশা মাঝপথেই বিকল হয়ে পড়ছে। এ সমস্যা এক দশকের। কলেজ ক্যাম্পাস উঁচু করা প্রয়োজন। এ ছাড়া ড্রেনগুলো সংস্কার করতে হবে।
কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জিএমজি সোহরাব হাসান বলেন, কলেজটি নিচু হওয়ায় চতুর্দিক থেকে পানি এসে এখানে স্থির হয়ে থাকে। পরীক্ষা ভবন উঁচু করা হয়েছে। স্থায়ী সমাধানের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। সহায়তা চেয়েছি কুমিল্লা সিটি করপোরেশনের।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূইয়া বলেন, ‘আশপাশের এলাকা উঁচু হওয়ায় বৃষ্টির পানি ক্যাম্পাসে জমে যায়। বিশেষ করে দক্ষিণ পাশে সীমানাপ্রাচীর না থাকায় পানি সহজে প্রবেশ করে। ৪০ লাখ টাকার একটি প্রকল্পের মাধ্যমে পশ্চিম, দক্ষিণ ও পূর্ব পাশে বাঁধ নির্মাণের কাজ করা হবে। এতে সমস্যার প্রায় ৭০ শতাংশ সমাধান হবে বলে আশা করছি।’
