বেতন-বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেতন ও বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কের অন্তত ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

মঙ্গলবার (২৬ মে) দুপুর আনুমানিক আড়াইটার দিকে সোনারগাঁ উপজেলার টিপুরদী এলাকায় অবস্থিত চৈতি গার্মেন্টস–এর শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।

শ্রমিকদের অবরোধের কারণে মদনপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত মহাসড়কে দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে শ্রমিকরা কারখানার সামনে মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা সড়কের দুটি লেন আংশিক অবরোধ করে অবস্থান নেন।

শ্রমিকদের অভিযোগ, এপ্রিল মাসের বকেয়া বেতন এবং মে মাসের বেতন ও ঈদ বোনাস এখনো পরিশোধ করা হয়নি। ঈদের আগেই সব পাওনা পরিশোধের দাবিতে তারা আন্দোলনে নামেন।

শ্রমিকরা জানান, মালিকপক্ষ পুরো বেতন পরিশোধে অপারগতার কথা জানালে তাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ বাড়ে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি শামীম শেখ বলেন, শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়েছেন। এতে সড়কের দুই লেনে যানজটের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

বিকেল সোয়া ৪টার দিকে এ প্রতিবেদন লেখার সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছেন বলে জানা গেছে। তবে যান চলাচল স্বাভাবিক হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights