বেরোবিতে উপাচার্য নিয়োগের পরে ফিরেছে প্রাণ চাঞ্চল্য, শুরু হচ্ছে ক্লাস

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের পর প্রাণ চাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে। প্রশাসনিক কাজকর্মে গতি এসেছে। আগামী ২৯ সেপ্টেম্বর রবিবার থেকে ক্লাস-পরীক্ষাসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আবাসিক হলগুলো আগামী ২৫ সেপ্টেম্বর বুধবার খুলে দেওয়া হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৭তম জনুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের হত্যাকান্ডের ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়। গত ১৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয় অনর্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।

এদিকে বেরোবির ছাত্র-উপদেষ্টা ও তিন আবাসিক হলের প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এই পদে দায়িত্ব প্রদান করা হয়। এই নিয়োগ আদেশ পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন আবাসিক হলে প্রভোস্ট নিয়োগ প্রদান করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমির শরীফ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছা: সিফাত রুমানা। শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। ১৯ সেপ্টেম্বর থেকে পরবর্তী দুই বছরের জন্য তাঁরা উক্ত পদে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।
এদিকে শিক্ষার্থীদের বিভিন্ন আবাসিক হল পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ মুখতার ইলাহী হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করেন। বৈষম্য বিরোধী আন্দোলনে আবাসিক হলের ক্ষতিগ্রম্ত স্থান পরিদর্শন শেষে উপাচার্য দ্রুত মেরামতের নির্দেশনা প্রদান করেন। এসময় বেরোবি উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights