বেরোবিতে জাল সনদে চাকরি, সহকারী পরিচালক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরের বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ে জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে চাকরি করার অভিযোগের সত্যতা পাওয়ায় শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। তিনি বলেন, সনদ যাচাইয়ে জাল সনদ ব্যবহারের সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নিয়োগের সময় শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সোহেল রানা রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সনদ জমা দেন। পরবর্তীতে সনদের সত্যতা যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার কাছে চিঠি পাঠায়। জবাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা জানায়, সোহেল রানার নামে তারা কোনো স্নাতক বা স্নাতকোত্তর সনদ ইস্যু করেনি। এরপর তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের এই সিদ্ধান্ত নেয়।
