বেলজিয়ামকে থামিয়ে দিয়ে অঘটনের স্বপ্ন নিউজিল্যান্ডের

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ দিকে জমতে শুরু করেছে মাঠের লড়াই। শক্তিশালী জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ২০ বছর পর নকআউট পর্বে উঠেছে ইকুয়েডর। অন্যদিকে নিজদের শেষ ম্যাচে সুইজাল্যান্ডের কাছে হারলেও, গ্রুপের রানার্সআপ হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিয়েছে স্বাগতিক কানাডা।

টুর্নামেন্টের পরিধি বেড়ে ৪৮ দলের হওয়ায় এবারই প্রথম দেখা যাবে ৩২ দলের নকআউট পর্ব। এমন সুযোগকে কাজে লাগাতে চায় নিউজিল্যান্ড। ‘জি’ গ্রুপের পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটি আগামীকাল বাংলাদেশ সময় নয়টায় নিজেদের শেষ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে।

এ ম্যাচে কোচ ড্যারেন ব্যাজলি বেলজিয়ামকে হারিয়ে অঘটনের জন্ম দিতে চায়। ইরানের সঙ্গে ২-২ ড্র এবং মিশরের কাছে ৩-১ ব্যবধানে হারের পর ব্যাজলির দলের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। এখন তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ—বেলজিয়ামের তারকা-খচিত আক্রমণভাগকে মোকাবিলা করতে হবে।

নকআউট যেতে হলে নিউজিল্যান্ডকে বেলজিয়ামকে হারালেই চলবে না। একই সঙ্গে তাদের মিশরের কাছে ইরান হেরে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে হবে। তবে গ্রুপ রানার্স-আপ হিসেবে না পারলেও, তৃতীয় স্থান অর্জনকারী আট দলের হয়ে পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ রয়েছে দলটির।

সাংবাদিকদের ব্যাজলি বলেন, এই বিশ্বকাপে ইতোমধ্যেই অনেক নাটকীয় ফলাফল দেখা গেছে। গতকাল আমরা দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ কোরিয়াকে হারাতে দেখেছি, আবার জার্মানিকে ইকুয়েডরের কাছে হারতে দেখলাম। যেখানে একটি দল এক পয়েন্ট থেকে চার পয়েন্টে পৌঁছে যোগ্যতা অর্জন করল। তাই হ্যাঁ, আমাদের বিশ্বাস রাখতে হবে। দলের ভেতরে সেই বিশ্বাস অবশ্যই আছে। আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা যথেষ্ট ভালো।

তিনি আরও বলেন, বিশ্বাস রাখতে হবে আমরা জয় তুলে নিতে পারব এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য—ইতিহাস গড়া ও বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে যাওয়া নকআউটে যাওয়া।আমাদের সামনে সেই সুযোগ রয়েছে, খেলোয়াড়দের মাঠে নেমে ঠিক সেটাই করে দেখাতে হবে।

নিউজিল্যান্ডের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অধিনায়ক ক্রিস উড। ৩৪ বছর বয়সী নটিংহ্যাম ফরেস্টের এই স্ট্রাইকার টুর্নামেন্টে এখনও গোল পাননি ঠিকই, তবে দুটি ম্যাচে দুটি গোলে অ্যাসিস্ট করেছেন।

ব্যাজলি বলেন, সে একজন গোলস্কোরার, প্রিমিয়ার লিগের খেলোয়াড়। আর এই বিশ্বকাপে বিশ্বের শীর্ষস্থানীয় খেলোয়াড়রাই গোল করছেন। উডসির জন্য বিষয়টা কঠিন—সে আমাদের হয়ে প্রচুর পরিশ্রম করে এবং আক্রমণের মূলভাগে নেতৃত্ব দেয়। আমরা তাকে ঠিকঠাক মতো বলের জোগান বা গোল করার মতো সুযোগগুলো তৈরি করে দিতে পারছি না। আমরা জানি, একবার সুযোগ পেলেই সে গোল করবে।

এ ম্যাচে কাগজে-কলমে এগিয়ে বেলজিয়াম। বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি বেলজিয়াম। প্রথম ম্যাচে গ্রুপের অন্যতম শক্তিশালী দল মিসরের সঙ্গে ১-১ গোলে ড্র করে রুদি গার্সিয়ার দল। ওই ম্যাচে বদলি হিসেবে নেমে রোমেলু লুকাকুর গোলে ঘুরে দাঁড়িয়েছিল তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ইরানের বিপক্ষে গোলশূন্য ড্র করায় শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই ‘রেড ডেভিলস’দের সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights