বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে রংপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষক সমিতি মানববন্ধন করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিভাগীয় শিক্ষা উপ-পরিচালকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, ২০২০ সালে ৬ সেপ্টেম্বর তৎকালীন স্বৈরাশাসক কর্তৃক নিয়োগ প্রাপ্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হাসানের জারীকৃত বিজ্ঞপ্তি গত ৮ অক্টোবর বাতিল চেয়ে উপদেষ্টা বরাবর আবেদন করা হয়। এরপরও ২১ অক্টোবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পুনরায় বিজ্ঞপ্তি জারি করা হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে সারাদেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেজিষ্ট্রেশন ও শিক্ষকদের সম্মানি ভাতার প্রথা চালু করেন। এর ধারাবাহিকতায় ২০১৩ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের ঘোষণা দেয়া হয়। বিদ্যালয়গুলো জাতীয়করণ দাবিতে বিভিন্ন সময় জেলা, উপজেলা, বিভাগীয় ও কেন্দ্রীয়ভাবে মানববন্ধন, সংবাদ সম্মেলন এবং স্মারকলিপি মাধ্যমে দাবিগুলো তুলে ধরা হয়। কিন্তু সাবেক মন্ত্রী ও আমলাদের দলীয়করণ ও গাফিলতির কারণে বিদ্যালয়গুলো জাতীয়করণের মুখ দেখেনি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মামুনুর রশিদ খোকন, রংপুর বিভাগের সাধারণ সম্পাদক মোহন রায়, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অমুল চাকী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights