বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল
অনলাইন ডেস্ক
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য প্রতিষ্ঠান প্রধানদের তথ্য এন্ট্রির সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ জুন পর্যন্ত প্রতিষ্ঠান প্রধানেরা অনলাইনে তথ্য এন্ট্রি করতে পারবেন।
আজ রবিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)’ অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় বেসরকারি শিক্ষক-কর্মচারী বদলির লক্ষ্যে প্রস্তুতকৃত সফটওয়্যারের মাধ্যমে মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান ছিল। তবে সফটওয়্যারের কারিগরি সীমাবদ্ধতার কারণে হঠাৎ করে সার্ভার শাটডাউন হয়ে যাওয়ায় মাঠপর্যায় থেকে তথ্য ও ডেটা সংগ্রহের কাজ কিছুটা বিঘ্নিত হয়। পরবর্তীতে সফটওয়্যারটির কারিগরি সমস্যা সমাধান হওয়ায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো তথ্য বা ডেটা ইনপুট দিতে পারেনি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের তথ্য নির্ধারিত সময়ের মধ্যে ইনপুট করার জন্য নির্দেশনা দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্কুল পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফাই ও চূড়ান্ত অনুমোদনের শেষ তারিখ ২৫ জুন ২০২৬। উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের জন্য শেষ তারিখ ৫ জুলাই এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য ১৫ জুলাই নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে কলেজ পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফাই ও চূড়ান্ত অনুমোদনের শেষ তারিখ ২৫ জুন। আঞ্চলিক উপপরিচালক (কলেজ)-এর জন্য শেষ তারিখ ৫ জুলাই এবং আঞ্চলিক পরিচালকদের জন্য ১৫ জুলাই নির্ধারণ করা হয়েছে।
