বৈশাখী শোভাযাত্রায় ডিএমপির রাজকীয় আবহ: নজর কাড়ল অশ্বারোহী দল

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত বৈশাখী শোভাযাত্রায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সুসজ্জিত অশ্বারোহী দল অংশ নিয়ে দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে। শোভাযাত্রার নির্দিষ্ট অংশজুড়ে ঘোড়ায় আরোহী পুলিশ সদস্যদের শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি উৎসবের আবহে ভিন্ন মাত্রা যোগ করে।

মঙ্গলবার সকাল ৯টায় শুরু হওয়া শোভাযাত্রার সামনের অংশেই অবস্থান নেয় অশ্বারোহী দল।

অশ্বারোহী দলের নেতৃত্ব দেওয়া পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, এবারের শোভাযাত্রায় ডিএমপির অশ্বারোহী ইউনিটের ২০টি সুসজ্জিত ঘোড়া অংশ নিয়েছে। প্রতিটি ঘোড়া বিশেষভাবে প্রশিক্ষিত এবং বড় আয়োজনের উপযোগী করে প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, এসব ঘোড়া ‘থরোব্রেড রাইডিং হর্স’ জাতের, যেগুলো তাদের গতিশীলতা, সহনশীলতা ও নিয়ন্ত্রিত আচরণের জন্য পরিচিত।

শোভাযাত্রায় অংশ নিতে আসা দর্শনার্থীদের অনেকেই অশ্বারোহী দলটিকে কাছ থেকে দেখার আগ্রহ প্রকাশ করেন। কেউ ছবি তুলতে ব্যস্ত, আবার কেউ নিরাপদ দূরত্ব বজায় রেখে ঘোড়াগুলোর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন।

এর আগে সকাল ৯টায় ঢোল-বাদ্যের তালে ও রঙিন মোটিফের বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় বাংলা নববর্ষের বহুল প্রতীক্ষিত বৈশাখী শোভাযাত্রা।

এবারের শোভাযাত্রায় ‘মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া’—এই পাঁচটি মোটিফ বিশেষভাবে স্থান পেয়েছে। লোকজ প্রতীকের ধারায় এগুলো যথাক্রমে শক্তি, সৃজন, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক হিসেবে উপস্থাপিত হয়।

এ ছাড়া ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর পরিবেশনায় শোভাযাত্রার আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এতে অংশ নেয় ২০০ জন শিক্ষার্থী, যারা বহন করে বাংলাদেশের জাতীয় পতাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights