বোনের বিয়ের আগের দিন বিদ্যুৎস্পৃষ্টে ভাইয়ের মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধি
বোনের বিয়ের ঠিক আগের দিন ভাইয়ের মৃত্যুতে বিয়ে বাড়ির আনন্দ বিষাদে পরিণত হয়েছে। নেত্রকোনার দুর্গাপুরের বাকলজোড়া ইউনিয়নের চারিগাঁওপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।
শনিবার বেলা ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে মামুন ফকির (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবক ওই গ্রামের বাবুল ফকিরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মামুনের ছোট বোনের বিয়ে আগামীকাল। বাড়িতে চলছে বিয়ের আয়োজন। শনিবার সকালে দুইজনকে সঙ্গে নিয়ে বাড়ি পরিষ্কারের কাজ করছিলেন মামুন। একপর্যায়ে ঘরের টিনের চালা সরাতে যায় তারা। কিন্তু বিদ্যুতের তার ছিড়ে টিনের চালা বিদ্যুতায়িত হয়। এ কারণে চালা ধরার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পর্শে মামুন এবং আরও দুইজন আহত হন। তবে মামুনের অবস্থা খারাপ থাকায় পরিবারের সদস্যরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মুহূর্তেই বিয়ে বাড়ির আনন্দ বিষাদে রূপ নিয়েছে। মামুনের এমন মর্মান্তিক মৃত্যুতে বাকরুদ্ধ তার পরিবারের সদস্যরা।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, মামুনের সঙ্গে আরও দুইজন আহত হয়েছিল। তারা বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে মারা যায় মামুন। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
