ব্যর্থতার ডাবল হ্যাটট্রিক আবাহনীর

ক্রীড়া প্রতিবেদক

স্বাধীনতার পর ঘরোয়া ফুটবলে সবচেয়ে সফল দল ঢাকা আবাহনী লিমিটেড। ১৯৭২ সালে অভিষেকের পর সর্বোচ্চ ১৭ বার লিগ জেতার রেকর্ড তাদের। পেশাদার লিগে হ্যাটট্রিকসহ ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে। বসুন্ধরা কিংস অভিষেকের পর টানা পাঁচবার লিগ জিতে আরেক নতুন রেকর্ড গড়েছে। শেখ জামাল ধানমন্ডি ৩ ও শেখ রাসেল ক্রীড়াচক্র আর ঢাকা মোহামেডান একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। ২০২৪-২৫ সালের বসুন্ধরা গ্রুপ পেশাদার লিগের পর্দা নামছে ২৯ মে। ২০২৪ সালের নভেম্বর ২৯ থেকে চলতি লিগের যাত্রা। ছয় মাসে লিগ শেষ হচ্ছে। দশ দলের দুই লেগে ১৮টি ম্যাচের এ সময়কে দীর্ঘ বলা গেলেও লিগ বন্ধ হয়েছে নানা কারণে। এর মধ্যে দ্বিতীয় লেগে প্রথম রাউন্ড শেষে লিগ বন্ধ ছিল ৪৫ দিন।

রেফারিং বিতর্ক ও বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই লিগ শেষ হতে চলেছে। বড় ঘটনা হচ্ছে নতুন দল হিসেবে এবার পঞ্চম কোনো চ্যাম্পিয়নের দেখা মিলেছে। ঐতিহ্যাবাহী মোহামেডান প্রথম শিরোপা জিতে বন্ধ দুয়ার খুলেছে। আবাহনী আবার ব্যর্থতার নতুন রেকর্ড গড়েছে। টানা ছয়বার শিরোপার বাইরে থাকল জনপ্রিয় ক্লাবটি।

ঘরোয়া লিগে আবাহনী সর্বোচ্চ টানা তিন মৌসুম শিরোপার বাইরে ছিল। এবার ব্যর্থতার অতীত রেকর্ড ছাড়িয়ে তা ডাবল হ্যাটট্রিক পূরণ করল। শুধু তাই নয়, টানা তিন মৌসুম আবাহনী ট্রফিশূন্য থাকল। চলতি মৌসুমে মোহামেডান লিগ জিতলেও বসুন্ধরা কিংস চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপের ট্রফি জিতেছে।

এমন লজ্জার রেকর্ড গড়ার পরও আবাহনীতে কিছুটা স্বস্তি নেমে আসবে রানার্সআপ হলে। আজকের ম্যাচে লিগের শিরোপার গুরুত্ব না থাকলেও রানার্সআপের অবসান ঘটবে। সম্ভাবনা রয়েছে দুই জায়ান্টের। ১৭ ম্যাচে আবাহনীর সংগ্রহ ৩২ আর কিংসের ২৯। কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচটি ড্র করলেই এক মৌসুম পর রানার্সআপের জায়গায় ফিরে আসবে তারা। তবে হেরে গেলে তৃতীয় স্থানেও নেমে আসতে পারে। কিংস অ্যারিনায় তখন বসুন্ধরা কিংস যদি ওয়ান্ডারার্সকে হারাতে পারে আবাহনী ও কিংসের পয়েন্ট দাঁড়াবে সমান ৩২-এ। গোল বেশি দেওয়ার সুবাদে কিংস তখন হয়ে যাবে রানার্সআপ।

ইয়ংমেন্স ফকিরেরপুলের বিপক্ষে আজকের ম্যাচটি মোহামেডানের জন্য শুধু আনুষ্ঠানিকতা। হারলেও কোনো যায় আসে না। তবে অধিনায়ক সুলেমান দিয়াবাতের জন্য বিশেষ কিছু। কেননা তার সর্বোচ্চ গোলদাতা হওয়ার সম্ভানা রয়েছে। রহমতগঞ্জের স্যামুয়েল বোয়াটেং ১৬ ও দিয়াবাতের গোল সংখ্যা এখন ১৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights