ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বাংলাদেশের ঘাটতি ছিল : সালাউদ্দিন

অনলাইন ডেস্ক

ঢাকা টেস্টের প্রথম দিনে দাপট দেখালেও দ্বিতীয় দিনে এসে হতাশায় দিন শেষ করেছে বাংলাদেশ। দিনের শেষে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ঘাটতির কথা স্বীকার করেছেন দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

তিনি বলেন, বাংলাদেশ আরও অন্তত ৫০ রান বেশি করতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। শেষ ৬ উইকেটে মাত্র ১১২ রান যোগ করতে পারে দলটি। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪১৩ রান।

এরপর বোলিংয়েও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। নাহিদ রানা, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনদের এলোমেলো বোলিংয়ের সুযোগ নিয়ে পাকিস্তান দিন শেষ করে ১ উইকেটে ১৭৯ রানে। ওভারপ্রতি প্রায় ৪ রান করে তোলে সফরকারীরা।

সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, “আমরা যদি আরও ৫০ রান করতে পারতাম, তাহলে অনেক ভালো অবস্থানে থাকতাম। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল বোলিংয়ে শৃঙ্খলার অভাব। কিছুটা এলোমেলো বোলিং করেছি, যার সুযোগ নিয়ে পাকিস্তান দ্রুত রান তুলেছে।”

তিনি আরও বলেন, উইকেটে অতিরিক্ত গতির চেষ্টা করতে গিয়ে বোলাররা সঠিক লাইন-লেন্থ ধরে রাখতে পারেননি। এতে ব্যাটসম্যানদের জন্য রান তোলা সহজ হয়ে গেছে।

বাংলাদেশের পেসারদের গতি থাকলেও তা কাজে লাগানো যায়নি বলেও ইঙ্গিত দেন তিনি। একই সঙ্গে স্লিপ ফিল্ডিং নিয়েও অসন্তোষ প্রকাশ করেন কোচ। তার মতে, এই জায়গাগুলোতে উন্নতি করা জরুরি।

তবে এখনো ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে বলে মনে করেন সালাউদ্দিন। তিনি আশা প্রকাশ করেন, তৃতীয় দিনে বোলাররা শৃঙ্খলা ফিরে পেয়ে ভালোভাবে ঘুরে দাঁড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights