ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

অনলাইন ডেস্ক
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে হবিগঞ্জ থেকে সোহাগ নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সিটিটিসি ইউনিটপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক হত্যার হুমকির ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় সিটিটিসি ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হবিগঞ্জে অভিযান চালিয়ে অভিযুক্ত সোহাগকে গ্রেফতার করা হয়।
এর আগে ‘হত্যার জন্য একটি টিম মাঠে নেমেছে’ জেনে গত ২৯ জুন রাতে শেরেবাংলা নগর থানায় একটি জিডি করেন সংসদ সদস্য ব্যারিস্টার সুমন।

জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২৭ জুন রাত ৮টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থানকালীন চুনারুঘাট থানার ওসি তাকে হোয়াটস অ্যাপে কল করেন। ওসি তাকে বলেন, আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল তিন দিন আগে ৪/৫ জনের একটি টিম মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না সাবধানে থাকবেন। তখন ব্যারিস্টার সুমন ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে ওসি ওই ব্যক্তিদের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং তাকে সাবধানে থাকার পরামর্শ দেন। বিষয়টি জানার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন সুমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights