ব্রাহ্মণবাড়িয়ায় বগি লাইনচ্যুত, ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ এলাকায় ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। তারপরও ক্রসিংয়ের কারণে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। এতে দুভোর্গের শিকার হয়েছেন যাত্রীরা।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
মালবাহী ট্রেনটিতে কর্মরত পরিচালক ইমতিয়াজ রহমান জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী একটি কন্টেইনার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন অতিক্রম করে কিছুদূর যাওয়ার পর বড়হরণ এলাকায় একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে করে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধারের জন্য ইতোমধ্যে উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধার শেষে আপ লাইনে ট্রেন চলাচল শুরু হবে।
