ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ব্যবসায়ী মো. সালাম খান হত্যা মামলায় প্রধান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শহিদুল ইসলাম এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের ইকবাল মিয়া। তিনি বর্তমানে জামিনে থেকে পলাতক। এ ছাড়া মামলার অন্য তিন আসামি হলেন- সোহাগপুর গ্রামের জাহানারা, মো. বাছির মিয়া ও নজরুল মিয়া।

মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি আশুগঞ্জ পূর্ব বাজারের ব্যবসায়ী ইকবাল মিয়া চেকের মাধ্যমে সালাম খানের কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা ধার নেন। পরবর্তীতে টাকা ফেরত না দেওয়ায় তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এর জেরে ২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইকবাল মিয়া টাকা ফেরত দেওয়ার কথা বলে সালাম খানকে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় নিয়ে যান। এরপর থেকে সালাম খান নিখোঁজ ছিলেন। পরদিন দুপুরে সোনারামপুর এলাকার একটি রাইস মিলের পাশে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর নিহতের ছেলে মো. ইমরান খান বাদী হয়ে আশুগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফখর উদ্দিন আহম্মদ খান বলেন, আসামিরা টাকা ফেরত না দেওয়ার জের ধরে সালাম খানকে হত্যা করেছে। আদালত একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিনজনকে খালাস দিয়েছেন। রায়ের কপি বিশ্লেষণ করে প্রয়োজনে উচ্চ আদালতে আপিল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights