ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৮ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিহাইর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ৪০৫ মিটার অবৈধ ৩/৪ ইঞ্চি এমএস পাইপ অপসারণ এবং ৯০০ মিটার অবৈধ পাইপলাইনের নেটওয়ার্ক অকার্যকর করা হয়।

বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টা থেকে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়। অভিযানে অবৈধ গ্যাস ব্যবহারকারী আটজনকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। এ সময় সঙ্গে ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক।

অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পাইপ লাইনে নতুন গ্যাস সংযোগ প্রদান বন্ধ থাকার সুযোগে কিছু অসাধু চক্র জেলা শহর সহ সদর ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে নিয়মিত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চালায় বাখরাবাদ কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে বিহাইর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ সংযোগ গুলো বিচ্ছিন্ন করা হয়েছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক জানান, অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার কিছুদিনের মধ্যে আবারও কিছু অসাধু চক্র নতুন করে অবৈধ সংযোগ দেয়। এর ফলে সম্পূর্ণভাবে অবৈধ সংযোগ বন্ধ করা যাচ্ছে না। অবৈধ সংযোগ বিচ্ছিন্নে বাখরাবাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights