ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডা. আবু সাঈদ গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি, মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এবং সাবেক সিভিল সার্জন ডা. মো. আবু সাঈদকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা শহরের ঘাটুরা এলাকায় তার নিজ প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান এবং জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিস্ফোরণ ও নাশকতার দায়ে গত ২৫ অক্টোবর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় জেলার সাবেক দুই মন্ত্রীসহ ২৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২শ’-৩শ’ জনকে আসামি করা হয়। সেই মামলায় ২৩ নম্বর আসামি ডা. আবু সাঈদ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, দুপুর ১টার দিকে ডা. আবু সাঈদকে আটক করার পর র্যাব তাকে থানায় হস্তান্তর করে। পরে থানায় দায়েরকৃত নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
