ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইনের আশঙ্কায় বিজিবির টহল জোরদার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া ও নোয়াবাদী এলাকায় বৃহস্পতিবার রাত থেকে পুশইনের আশঙ্কায় টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে নেওয়া এই সতর্কতামূলক পদক্ষেপে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের আগরতলা বিমানবন্দরের পাশের গেটের কাছে প্রায় ১৫০ জন ভারতীয় নাগরিক জড়ো হওয়ার খবর পাওয়ার পরপরই বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্তে টহল বাড়ানো হয়। রাতভর তিনগুণ বেশি সতর্কতায় এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে আতঙ্ক আরও বাড়ে। স্থানীয় মসজিদগুলোতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

নলগড়িয়া ও নোয়াবাদী গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, বিজিবির তৎপরতা বেড়ে গেলে তারা শঙ্কিত হয়ে পড়েন। অনেকেই রাতভর সতর্ক অবস্থানে ছিলেন।

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, “বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা সর্বোচ্চ সতর্কতায় রয়েছি। গোপন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য পুশইনের আশঙ্কায় আগাম প্রস্তুতি হিসেবে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।”

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি, তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights