ব্রুনোর সমালোচনা করে দেয়া পোস্টে রোনালদোর বোনের লাইক, পর্তুগাল দলে ভাঙন?

অনলাইন ডেস্ক
বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা খেল পর্তুগাল। নবাগত দল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে রবার্তো মার্তিনেজের শিষ্যদের। আর এই হতাশাজনক পারফরম্যান্সের পর থেকেই পর্তুগিজ শিবিরে শুরু হয়েছে অন্তর্কোন্দল ও তীব্র সমালোচনা। তবে এই সমালোচনার তির এবার কেবল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকেই নয় বরং তার পাশে দাঁড়িয়ে সতীর্থ ব্রুনো ফার্নান্দেসকে কাঠগড়ায় তুলেছেন রোনালদোর বোন কাতিয়া আভেইরো।

কঙ্গোর বিপক্ষে পুরো ম্যাচে একবারের জন্যও প্রতিপক্ষের গোল অভিমুখে শট নিতে পারেননি ৪১ বছর বয়সী রোনালদো। তার এমন নিষ্প্রভ পারফরম্যান্সের দিনে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা, যা রোনালদোর ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্বকাপ শুরুর আগে থেকেই আল-নাসরের এই মহাতারকাকে শুরুর একাদশে রাখা নিয়ে প্রশ্ন উঠলেও কোচ মার্তিনেজ তার ওপরই ভরসা রেখেছিলেন। তবে প্রথম ম্যাচের পর রোনালদোকে বেঞ্চে বসানোর দাবি যখন জোরালো হচ্ছে, তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিন্ন নাটকীয়তার জন্ম দিলেন রোনালদোর বোন।

ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেসের সমালোচনা করে ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে লাইক দিয়েছেন কাতিয়া আভেইরো। ব্রাজিলের একটি অ্যাকাউন্ট থেকে করা ওই পোস্টে দাবি করা হয়, ব্রুনো ক্লাবের হয়ে নিয়মিত পারফর্ম করলেও জাতীয় দলের জার্সিতে পুরোপুরি ব্যর্থ। বোনের এমন কাণ্ড পর্তুগাল দলের ভেতরের অস্বস্তিকর পরিবেশকেই যেন প্রকাশ্যে এনে দিল। যদিও মাঠের ব্যর্থতা নিয়ে রোনালদো নিজে বেশ সংযত প্রতিক্রিয়া দেখিয়েছেন। ম্যাচ শেষে তিনি বলেন, মাঠে কোনো কিছুরই কমতি ছিল না, এটাই ফুটবল। তারা জিততেও পারত, আবার হারতেও পারত। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো সতীর্থদের মাথা উঁচু রেখে পরের ম্যাচের দিকে মনোনিবেশ করার আহ্বান জানান।

দলীয় সতীর্থ জোয়াও ফেলিক্সও বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন। তিনি মনে করেন, বিশ্বকাপের প্রথম ম্যাচে যেকোনো ছোট দলই নিজেদের উজাড় করে খেলে। তবে কলম্বিয়া তাদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ ব্যবধানে হারিয়ে সুবিধাজনক অবস্থানে থাকায়, পর্তুগালের জন্য পরবর্তী ম্যাচগুলো এখন রূপ নিয়েছে বাঁচা-মরার লড়াইয়ে। নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে কলম্বিয়া ও উজবেকিস্তানের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই সাবেক ইউরো চ্যাম্পিয়নদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights