ভক্তদের ধৈর্য ধরতে বললেন ইংল্যান্ড কোচ
স্পোর্টস ডেস্ক
ঘানার বিপক্ষে দাপুটে বল দখল থাকলেও গোলের দেখা না পাওয়ায় হতাশ ইংল্যান্ড। তবে এই ফলাফলের পরও ভক্তদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন কোচ টমাস টুখেল।
বস্টনে মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে ঘানার বিপক্ষে ৭৮.৮ শতাংশ সময় বল দখলে রাখে ইংল্যান্ড। কিন্তু এত আধিপত্যের পরও গোল করতে ব্যর্থ হয় দলটি। ১৯৬৬ সালের পর বিশ্বকাপ ইতিহাসে এত বেশি সময় বল দখলে রেখেও গোল করতে না পারার এটি এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড।
ম্যাচ শেষে টুখেল বলেন, ‘ঘানার প্রতি পূর্ণ শ্রদ্ধা। তারা খুব সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ রক্ষণ খেলেছে। এত শক্তিশালী ডিফেন্স সামলানো সহজ ছিল না।’
তিনি আরও জানান, ‘আমরা কয়েকটি ভালো সেট পিস পেয়েছিলাম, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। এই জায়গাটাতেই আমাদের ঘাটতি ছিল।’
প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ের পর ইংল্যান্ডের কাছ থেকে একই ধরনের পারফরম্যান্স আশা করেছিলেন সমর্থকরা। কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রাখতে না পারায় হতাশা তৈরি হয়েছে।
এ বিষয়ে টুখেল বলেন, ‘যখন প্রতিপক্ষ এতটা জমাট রক্ষণ গড়ে তোলে, তখন সুযোগ তৈরি করা কঠিন হয়ে যায়। আমরা সবসময় ভক্তদের ভালো ফুটবল উপহার দিতে চাই, কিন্তু আজ সেটা সম্ভব হয়নি। আশা করি, তারা আমাদের ওপর আস্থা রাখবে।’
দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ইংল্যান্ড, সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ঘানা। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ক্রোয়েশিয়া, আর পানামা রয়েছে তলানিতে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় পানামার মুখোমুখি হবে ইংল্যান্ড। একই সময়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ঘানা।
