ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরালের পর কিশোর গ্রেফতার

অনলাইন ডেস্ক

টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এক ভবঘুরে নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সদর থানাধীন আদি টাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে টাঙ্গাইল জেলা পুলিশ এ তথ্য জানায়। পুলিশ জানায়, সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও তাদের নজরে আসে। ভিডিওটি পর্যালোচনা করে ওই নারীর সঙ্গে এক ব্যক্তির যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগের বিষয়টি জানতে পারে পুলিশ।

ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকীর তত্ত্বাবধানে অভিযুক্তকে শনাক্তে কাজ শুরু করে সদর থানা পুলিশ।

পুলিশ পরিদর্শক (তদন্ত) ভীক্টর ব্যানার্জীর নেতৃত্বে একটি দল সিসি ক্যামেরার ফুটেজ, স্থানীয়ভাবে পাওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালায়। পরে মঙ্গলবার ভোরে আদি টাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার কিশোর ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা করা হয়েছে।

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, ‘ভিডিওটি নজরে আসার পর তাৎক্ষণিক সিসি ক্যামেরা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights