ভয়াবহ দাবানলে স্পেনে ঘরছাড়া হাজারো মানুষ
ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে ইউরোপের দেশ স্পেনে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া হাজারো মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার প্রচণ্ড তাপদাহ ও ঝড়ো হাওয়ার কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ে।
সরকারি সূত্রে জানানো হয়, রাজধানী মাদ্রিদের উত্তরে ধনী আবাসিক এলাকা ত্রেস কান্তোসে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়লে এক ব্যক্তি মারাত্মকভাবে দগ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চলমান তাপপ্রবাহে স্পেনে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল।
মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রধান ইসাবেল দিয়াস আয়ুসো সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া বার্তায় এই মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।
ত্রেস কান্তোস থেকে শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মাদ্রিদের আঞ্চলিক পরিবেশ প্রধান কার্লোস নোভিয়ো জানান, মাত্র ৪০ মিনিটে আগুন ছয় কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
তবে মঙ্গলবার সকালে কর্মকর্তারা জানান, ত্রেস কান্তোসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এদিকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়ার তারিফার জনপ্রিয় সৈকত এলাকার আশপাশ থেকে প্রায় দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মাসের শুরুতেও একই এলাকায় দাবানল দেখা দিয়েছিল।
