ভরা মৌসুমে বাড়ছে চালের দাম
নিজস্ব প্রতিবেদক, রংপুর ও কুষ্টিয়া প্রতিনিধি
আমনের ভরা মৌসুমেও রংপুর ও কুষ্টিয়ায় বাড়ছে চালের দাম। এখন আমন ধান কাটা-মাড়াই চলছে পুরোদমে। অনেকে আমন ধান ঘরে তুলে বোরোর বীজতলার প্রস্তুতি নিচ্ছেন। এ অবস্থায় দাম কমার কথা, কিন্তু উল্টো বাড়ছে। রংপুর অঞ্চলে গত এক সপ্তাহে চালের দাম পাইকারি বাজারে ১-২ টাকা, আর খুচরা বাজারে ৩-৪ টাকা বেড়েছে। আর গেল দুই সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ার বাজারে সব ধরনের চাল প্রতি কেজি ২-৪ টাকা বেড়েছে। উত্তরাঞ্চলে মিলগেট থেকে খুচরা বাজারে প্রতি কেজি চালের দামের পার্থক্য এখন ৬ টাকা। সরকারি ধান-চাল কেনা শুরু হলে সামনে দাম আরও বাড়বে বলে জানিয়েছেন মিল মালিকরা। মাসুদ চৌধুরী নামে রংপুরের এক মিল মালিক বলেন, ‘মিল থেকে খুচরা পর্যায়ে দামের খুব একটা পার্থক্য নেই। সরকার ধান-চাল কেনা শুরু করলে চালের দাম আরও বাড়বে।’
রংপুরের মাহিগঞ্জ বাজারসহ বিভিন্ন চালবাজারের খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বর্ণা (মোটা) চাল পাইকারি ৪৫-৪৬, খুচরা ৫০-৫২, স্বর্ণা (চিকন) পাইকারি ৪৮, খুচরা ৫২-৫৫, বিআর-২৮ পাইকারি ৫৬-৫৭, খুচরা ৬০-৬৫, বিআর-২৯ পাইকারি ৫২, খুচরা ৫৫-৬০, জিরাশাইল পাইকারি ৫৫, খুচরা ৬০, মিনিকেট পাইকারি ৭৬, খুচরা প্রকারভেদে ৮০-৮৮, নাজিরশাইল পাইকারি ৮২, খুচরা ৮৫-৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মিল থেকে গ্রাহক পর্যায়ে প্রতি কেজি চালের দাম বেড়েছে ৬ থেকে ৭ টাকা। তবে মূল্যবৃদ্ধির মূলহোতা অটো রাইসমিল মালিকরা বলে অভিযোগ খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের।
জানা গেছে, নিজেদের প্রয়োজন মিটিয়ে রংপুরসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় প্রতি বছর অর্ধলাখ মেট্রিক টন খাদ্যশস্য উদ্বৃত্ত থাকে। এর পরেও এ অঞ্চলে চালের দাম কমছে না। ক্রেতা ও খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, হাতেগোনা কিছু অটো রাইসমিল ও মজুতদার সিন্ডিকেট করে চালের বাজার নিয়ন্ত্রণ করছেন। এ ছাড়া যাঁরা চাল ভারতসহ অন্য দেশ থেকে আমদানি করেছেন, তাঁরা ওই চাল গোডাউনজাত করে রেখেছেন। সামনে সরকার ধান-চাল কেনা শুরু করবে। এ সুযোগে কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়ানোর পরিকল্পনা করছেন মিল মালিকরা। মহানগরের মাহিগঞ্জের চালের আড়তদার মাসুম মিয়া এ প্রসঙ্গে জানান, বর্তমানে বাজারে যে চাল পাওয়া যাচ্ছে তা বোরো মৌসুমের ধান। আমন মৌসুমের ধানের চাল পেতে আরও দু-এক লাগবে।
এদিকে চালের দাম বৃদ্ধি নিয়ে কুষ্টিয়ার খুচরা ব্যবসায়ীরাও মিল মালিকদের মতো প্রায় একই সুরে কথা বলছেন। তাঁদের দাবি, মিল মালিকরা চালের দাম বাড়াচ্ছেন। গত বছর এ সময়ে ভারত থেকে চাল আমদানি করা হয়। কিন্তু এ বছর আমদানি বন্ধ। জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়েছে। এর ফলে বেড়েছে গাড়িভাড়া। বিদ্যুৎ খরচও এখন বেশি। এসব কারণ সামনে রেখে মিল মালিকরা চালের দাম বাড়াচ্ছেন। সরেজমিন কুষ্টিয়ার পৌর বাজার ও বড় বাজার ঘুরে দেখা গেছে, গেল দুই সপ্তাহের ব্যবধানে সব ধরনের চাল প্রতি কেজি ২-৩ টাকা বৃদ্ধি পেয়েছে। মোটা আটাশ চাল আগে যেখানে প্রকারভেদে ৪৬-৪৮ টাকা কেজি ছিল, এখন বিক্রি হচ্ছে ৪৮-৫২ টাকা। কাজললতা সাধারণ চাল ৬৪ থেকে বেড়ে ৬৬ এবং কাজললতা সুপার ৬৬ টাকার পরিবর্তে ৬৮ টাকা। এ ছাড়া ৪৮ টাকার পাইজাম এখন বিক্রি হচ্ছে ৫০ টাকা। অন্যান্য চাল কেজি অন্তত ২ থেকে ৩ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। এর মধ্যে নাজিরশাইল ৯৪, সুপার মিনিকেট ৭২, সাধারণ মিনিকেট ৬৬ ও পোলাওর চাল ১৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম বিশেষ করে মিনিকেট চালের জন্য প্রসিদ্ধ কুষ্টিয়ার খাজানগর-কবুরহাটে মিলগেটে ২৫ কেজির জিরা মিনিকেট ১৬৭৫-১৭০০, রড মিনিকেট ১৫০০ এবং আটাশ ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতাদের আশা, দুই সপ্তাহের মধ্যে বাজারে আমন ধান ওঠা শুরু হলে হয়তো চালের দাম কমতে পারে। কিন্তু মিল মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যে তথ্য মিলেছে তাতে আমন মৌসুম শুরু হলেও কুষ্টিয়াসহ দেশের চালের বাজারে স্বস্তি মেলার আশা একেবারেই ক্ষীণ। তবে দাম না কমলেও স্থিতিশীল বা বর্তমানে যে দামে চাল বিক্রি হচ্ছে তা অপরিবর্তিত থাকতে পারে। আমন মৌসুম শুরু হলে বাজারে চালের দাম কমার সম্ভাবনা রয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান বলেন, ‘আমন ধান উঠলেও চালের বাজারে দামের কোনো প্রভাব পড়বে না। এতে চালের বাজারে দাম কমা বা বাড়ার কোনো সম্ভাবনা নেই।’ তাঁর মতে, বাজার স্থিতিশীল থাকবে। কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল-ওয়াজিউর রহমান জানান, গত বছর জেলায় আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৯৬৯ এবং ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ৮১৯ টন। তবে সরকারিভাবে চলতি বছর এখনো আমন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। এদিকে সরকার ১৪ নভেম্বর সারা দেশে আমন ধান এবং পয়লা ডিসেম্বর আমন চাল সংগ্রহ অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। এ বছর দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ধান ৩৫ টাকা। আগের বছরের তুলনায় এ বছর ধানের দাম ১ টাকা বাড়িয়েছে সরকার।
অন্যদিকে আগের বছর চালের দাম নির্ধারণ করা হয়েছিল ৫০ টাকা কেজি। এ বছর ১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা।
