ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ছিটকে পড়ে বাসের সুপারভাইজার নিহত
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস এক্সপ্রেসওয়ের ওয়ালে ধাক্কা লাগলে ছিটকে পড়ে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।
সোমবার রাত ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতের নাম জুবায়ের শেখ (৩৫)। তিনি বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার আবুল হাসানের ছেলে।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক তমাল সরকার জানান, সোমবার রাত ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে খুলনা থেকে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারালে এক্সপ্রেসওয়ের ব্যারিকেডে সজোরে ধাক্কা লাগে। এ সময় বাসের সুপারভাইজার বাস থেকে ছিটকে পড়ে কংক্রিটের ব্যারিকেডে ধাক্কা খেয়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর আহত হন।
পরে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, বাসের সামনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে।
তিনি জানান, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করে শিবচর হাইওয়ে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
