ভাঙ্গায় বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির সাইবার নিরাপত্তাবিষয়ক আলোচনা সভা
অনলাইন ডেস্ক
‘নিরাপদ ইন্টারনেট, সচেতন নাগরিক’-এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির আয়োজনে সাইবার নিরাপত্তাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভাও অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা মহিলা কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা এবং অনলাইন প্রতারণা থেকে রক্ষার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়।
বসুন্ধরা শুভসংঘ ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. গোলাম মোরশেদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাঙ্গা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সফি উদ্দীন মোল্লা। সংগঠনের ইভেন্ট সম্পাদক রাজন মোল্লার সঞ্চালনায় বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা শাখার উপদেষ্টা ও ভাঙ্গা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মিঞা মো. এনায়েত হোসেন, মো. হেদায়েত হোসেন, কালের কণ্ঠের ভাঙ্গা প্রতিনিধি দিলীপ কুমার দাস, বাংলাদেশ প্রতিদিনের ভাঙ্গা প্রতিনিধি অজয় কুমার দাস, সহ-সভাপতি মো. ইয়াসিন আরাফাত, সদস্য মো. রাকিবুল হাসান রাকিব, মো. আমির হোসেন ও মেহেদী হাসান প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, শিক্ষা, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও বিনোদনসহ জীবনের নানা ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, তথ্য চুরি, অ্যাকাউন্ট হ্যাকিং ও ভুয়া তথ্যের বিস্তারও বাড়ছে। তাই প্রযুক্তি ব্যবহারে সচেতন ও সতর্ক থাকা জরুরি।
বক্তারা অপরিচিত বা সন্দেহজনক লিংকে ক্লিক না করা, গুরুত্বপূর্ণ অনলাইন অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা এবং কোনো অবস্থাতেই ওটিপি, পাসওয়ার্ড, পিন বা নিরাপত্তা কোড অন্যের সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে শেয়ার না করে সত্যতা যাচাই করার আহ্বান জানান। আলোচনা সভায় সাইবার বুলিং, ভুয়া আইডি, অনলাইন প্রতারণা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, পাসওয়ার্ড নিরাপত্তা ও দায়িত্বশীল অনলাইন আচরণ নিয়েও আলোচনা করা হয়।
বক্তারা আরও বলেন, সামাজিক ও মানবিক সংগঠন হিসেবে নিজেদের পাশাপাশি পরিবার, বন্ধু ও সমাজের মানুষকে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন করা বসুন্ধরা শুভসংঘের সদস্যদের দায়িত্ব। সংগঠনের ফেসবুক পেজ, গ্রুপ ও অন্যান্য অনলাইন কার্যক্রম পরিচালনার সময়ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
আলোচনা সভার দ্বিতীয় পর্বে বসুন্ধরা শুভসংঘ ভাঙ্গা উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি অনুষ্ঠিত হয়। এ সময় নতুন কমিটির সদস্যরা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিচিতি পর্বে নবগঠিত কমিটির উপদেষ্টা মো. এনায়েত হোসেন, দিলীপ কুমার দাস, মো. হেদায়েত হোসেন ও অজয় কুমার দাস, সভাপতি মো. গোলাম মোরশেদ মোল্লা, সহ-সভাপতি মো. ইয়াসিন আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক সাগর, নারী বিষয়ক সম্পাদক লাবনী রহমান, ইভেন্ট সম্পাদক রাজন, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. আমির খান, প্রচার সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শফিকুল হাসান, ক্রীড়া সম্পাদক সালমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ছানিয়া আক্তার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আরাফাত শিকদার এবং সমাজকল্যাণ সম্পাদক খাদিজা আক্তার, সদস্য মো. তুহিন শেখ, বিন্তী, মলি, সৌরভ ও ছালেয়া আক্তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
