ভাঙ্গায় সাটারিং খুলতে গিয়ে চাপাপড়ে নির্মাণ শ্রমিক নিহত
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামে নির্মাণাধীন ভবনের সাটারিং খুলতে গিয়ে চাপাপড়ে হযরত আলী (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) বিকাল ৪টার দিকে কাউসার শেখের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত হযরত আলীর বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তিনি দুই সন্তানের বাবা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ৪-৫ জন শ্রমিক ভবনটির নির্মাণকাজ করছিলেন। শুক্রবার বিকালে দ্বিতীয় তলার ছাদের সাটারিং খুলতে গিয়ে হঠাৎ ধসে পড়লে হযরত আলী নিচে চাপা পড়েন। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টানা প্রায় ৩ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করেন।
দুর্ঘটনার পর ভবনের মালিক কাউসার শেখ এবং সেখানে কর্মরত অন্য শ্রমিকেরা ঘটনাস্থল ছেড়ে চলে যান বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাই। প্রায় ৩ ঘণ্টা পর সাটারিংয়ের নিচ থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
