ভাড়া নিয়ে ঝগড়া, যাত্রীর ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত

পাবনা প্রতিনিধি

পাবনায় সুপারভাইজারের সাথে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে যাত্রীর ছুরিকাঘাতে বাসের এক হেলপার নিহত হয়েছেন।

সোমবার ভোরে পাবনার একটি পরিবহনের সুপারভাইজার ও যাত্রীদের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত হেলপার জুবায়ের রহমান (২৫) সদর উপজেলা গাছপাড়া খাঁপাড়া এলাকার জাহিদুর রহমানের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, ঢাকা গাবতলী থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে আসার পর ওই বাসের যাত্রী মারুফ হোসেনের সাথে সুপারভাইজার ও হেলপারের সাথে কথা কাটাকাটি হয়। ভোরে পাবনায় এসে বাস থামালে মারুফের ডেকে আনা লোকজন গাড়ির স্টাফদের মারপিট শুরু করে। এ সময় যাত্রী মারুফের ছুরিকাঘাতে হেলপার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত মারুফ হোসেন সুমনকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights