ভারতীয়দের নিয়ে অপপ্রচার, হঠাৎ কেন এত কঠোর সিঙ্গাপুর

অনলাইন ডেস্ক

ভারতীয় সম্প্রদায়কে লক্ষ্য করে অনলাইনে ছড়ানো বিদ্বেষমূলক কনটেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সিঙ্গাপুর। এ সম্পর্কিত পোস্টগুলো ব্লক বা বন্ধ করতে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব পোস্টে দাবি করা হচ্ছিল যে দেশটি ভারতীয়দের দ্বারা অধিকৃত হয়ে যাচ্ছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, কনটেন্টগুলোর মূল উৎস সম্ভবত চীনভিত্তিক একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখান থেকে পরে সেগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে।

মন্ত্রণালয় আরও জানায়, এসব পোস্টে ভারতীয়দের সংখ্যা অতিরিক্ত বলে দাবি তুলে প্রমাণ হিসেবে লিটল ইন্ডিয়ার জনাকীর্ণ রাস্তা এবং প্যাগোডা স্ট্রিটে একটি ধর্মীয় উৎসবের ছবি ও ভিডিও বেছে বেছে ব্যবহার করা হয়েছে। এ ধরনের উপস্থাপনাকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে কর্তৃপক্ষ।

সরকার বলছে, এই ধরনের কনটেন্ট সিঙ্গাপুরের বহুসংস্কৃতিবাদের মডেলকে ক্ষতিগ্রস্ত করে। এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে দাঁড় করানোর যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, উগ্র স্বদেশপ্রেম ও অভিবাসী বিদ্বেষের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট। বিশেষ করে বিদেশি উৎস থেকে এ ধরনের কনটেন্ট ছড়ানোকে দ্বিগুণ অগ্রহণযোগ্য হিসেবে দেখা হচ্ছে।

এদিকে দেশটির আইনমন্ত্রী এডউইন টং জানিয়েছেন, এখন পর্যন্ত এসব পোস্ট কোনো বিদেশি সরকারের সমন্বিত প্রচারণার অংশ—এমন প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, তদন্তে ধারণা করা হচ্ছে কনটেন্টগুলো বিভিন্ন বিদেশি নেটিজেনের স্বতঃস্ফূর্ত কার্যকলাপের ফল।

সূত্র: স্ট্রেইট টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights