ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের আরেক যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট
ভারতীয় খাসিয়াদের গুলিতে সবুজ মিয়া (২০) নামে সিলেটের আরেক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি দমদমিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সবুজ মিয়া (২০) গোয়াইনঘাটের ভিতরগুল পাহাড়তলী গ্রামের আবুল মিয়ার ছেলে।

এর আগে, গত বৃহস্পতিবার ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের আরেক কিশোর নিহত হন।

স্থানীয় সূত্র জানায়, দমদমিয়া সীমান্তের ১২৬১ নম্বর পিলারের প্রায় ২০০ গজ ভারত সীমান্তের অভ্যন্তরে সবুজ মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিজিবি ও পুলিশকে খবর দেন।

দমদমিয়া বিওপির সুবেদার মিজানুর রহমান বলেন, রাত ৭টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায় যে, সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশি যুবকের মরদেহ পড়ে আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ জানান, খাসিয়ার গুলিতে নিহত সবুজ মিয়ার পিতা আবুল হোসেন থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেছেন। মরদেহটি ভারতের অভ্যন্তরে থাকায় পুলিশ তা উদ্ধার করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights