ভারতীয় বিমানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান

অনলাইন ডেস্ক
ভারতীয় নিবন্ধিত বিমানগুলোর জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা আরও এক মাসের জন্য বাড়ালো পাকিস্তান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই নিষেধাজ্ঞা ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

মঙ্গলবার পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) এ তথ্য জানিয়েছে।

নিষেধাজ্ঞাটি ২০২৫ সালের ২৫ জানুয়ারি থেকে ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি ভোর ৫টা (পাকিস্তান সময়) পর্যন্ত বহাল থাকবে।

এই নিষেধাজ্ঞা ভারতীয় মালিকানাধীন, পরিচালিত ও লিজ নেওয়া সব ধরনের বিমানের ওপর প্রযোজ্য হবে, যার মধ্যে সামরিক বিমানও অন্তর্ভুক্ত।

পিএএ জানায়, এই সিদ্ধান্তের মাধ্যমে গত নয় মাস ধরে কার্যকর থাকা বিদ্যমান নিষেধাজ্ঞাই অব্যাহত রাখা হলো।

ভারতের নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের (আইআইওজেকে) পেহেলগাঁওয়ে ভয়াবহ হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লে নয়াদিল্লি গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। এর প্রতিক্রিয়ায় পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

পাকিস্তানের এই সিদ্ধান্তের পর ৩০ এপ্রিল ভারতও পাকিস্তানি এয়ারলাইন্সগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়।

এরপর ৬–৭ মে ভারত পাকিস্তানের একাধিক শহরে হামলা চালায়। এর জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনীও অপারেশন বুনইয়ানুম মারসুস নামে একটি বড় পরিসরের পাল্টা সামরিক অভিযান শুরু করে এবং বিভিন্ন অঞ্চলে একাধিক ভারতীয় সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

পাকিস্তান দাবি করে, তারা সাতটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফাল যুদ্ধবিমান রয়েছে, পাশাপাশি বহু ড্রোনও ধ্বংস করা হয়েছে। অন্তত ৮৭ ঘণ্টা পর দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘাত ১০ মে একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি এই যুদ্ধে মধ্যস্থতা করেছেন।

এর আগে ১৯৯৯ সালের কারগিল সংঘাত ও ২০১৯ সালের পুলওয়ামা সংকটের সময়ও পাকিস্তান একই ধরনের আকাশসীমা নিষেধাজ্ঞা জারি করেছিল। সূত্র: জিও নিউজ, ইন্ডিয়ান এক্সপ্রেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights