ভারতেও লড়াই করতে চান মিরাজ
অনলাইন ডেস্ক
পাকিস্তান সফরটা হয়েছে ঐতিহাসিক। বাবর আজমদের তাদের ঘরের মাটিতেই হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার মিশন ভারত। সদ্য সমাপ্ত সফরের সফলতা কাজে লাগিয়েই ভারতের বিপক্ষেও লড়াই করতে চান মেহেদী হাসান মিরাজ।
পাকিস্তান সফরে অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ সেরা হয়েছেন মিরাজ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মিরাজ বলেছেন, ‘চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। ভারতের মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি। আমাদের আগের পারফরম্যান্স ভালো ছিল না। আমরা এবার একটা প্রত্যাশা নিয়ে যাচ্ছি।’
মিরাজ এরপর যোগ করেন, ‘যখন আমরা ওদের সঙ্গে ফাইট করতে পারব, তখন আমাদের ভালো করার সুযোগ থাকবে। আমাদের চেষ্টা থাকবে যেন ওদের সঙ্গে ফাইট করতে পারি।’
ভারত সফরের চ্যালেঞ্জ নিয়ে মিরাজের কথা, ‘দেখুন, টেস্ট ক্রিকেটে সব সময়ই চ্যালেঞ্জ থাকে। প্রত্যেক সেশন, প্রত্যেক বল, সবটাই চ্যালেঞ্জ। ব্যাটসম্যান, বোলার, সবার জন্য। ভারত অবশ্যই ভালো দল। ওদের বোলাররা অনেক ভালো। ব্যাটসম্যানরাও অনেক ভালো। ওদের যে উইকেটটা থাকে…সেখানে আমরা আগে খেলেছি। আমাদের অভিজ্ঞতা আছে উইকেটের আচরণ সম্পর্কে। আমার মনে হয় সেখানে উইকেট অনেক ভালো থাকবে। আমরা যেভাবে খেলছি, সেভাবে যদি থাকি, ফলাফল চিন্তা না করে যদি পারফর্ম করার চিন্তা করি, তাহলে ভালো ফল আসবে।’
পাকিস্তানকে হারানোর পর স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের ওপর প্রত্যাশার চাপ বাড়ছে। মিরাজ বলেছেন, ‘আমরা যখন ভালো খেলি, তখন সবারই প্রত্যাশা বাড়ে। আমাদের ভালো খেলাটা গুরুত্বপূর্ণ। যদি তা করতে পারি, আমরা নিজেদেরও প্রত্যাশা পূরণ করতে পারব।’
ভারতের বিপক্ষে পাকিস্তান সিরিজকেই প্রেরণা হিসেবে দেখছেন মিরাজ, ‘আমরা যেহেতু পাকিস্তান সিরিজটা ভালো করেছি, এই সিরিজের সঙ্গে খুব বেশি পার্থক্য নেই। পারফর্ম করছি, সবাই ভালো ফর্মে আছে। সবাই যদি ভারতেও ভালো ফর্মে থাকে, তাহলে অবশ্যই ভালো কিছু আশা করা যাবে।’ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে আসা তো কম কথা নয়!
