ভারতের সঙ্গে যুদ্ধাবস্থা : ইমরান খানের মুক্তি চেয়ে ঐক্যের আহ্বান জানাল পিটিআই

অনলাইন ডেস্ক
কাশ্মীরের পেহেলহামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। টানা পাঁচ দিন ধরে কাশ্মীর সীমান্তে দেশ দুইটির বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, যে কোনো সময় সংঘাতে জড়াতে পারে পাকিস্তান ও ভারত।

ভারতের সঙ্গে এমন যুদ্ধাবস্থার মধ্যে কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দেয়ার দাবি করেছে দেশটির প্রধান বিরোধী দল পিটিআই। এছাড়া ইমরানকে রেখে সর্বদলীয় বৈঠক আয়োজনের দাবিও জানায় দলটি। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

সংবাদমাধ্যমটি বলছে, অবিলম্বে একটি সর্বদলীয় সম্মেলন (মাল্টি-পার্টি কনফারেন্স) আয়োজনের আহ্বান জানিয়েছে পিটিআই, যেখানে ইমরান খানের উপস্থিতি নিশ্চিত করার দাবি করেছে তারা। সোমবার পাকিস্তানের সিনেটে এই দাবি জানায় পিটিআই।

দলটির পার্লামেন্টারি নেতা সিনেটর আলী জাফর বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য একপাশে রেখে এখন দেশের স্বার্থে ঐক্য জরুরি। বর্তমান পরিস্থিতিতে একমাত্র সঠিক পদক্ষেপ সর্বদলীয় বৈঠক। ইমরান খান এমন বৈঠকে অংশ নিলে পাকিস্তান থেকে ঐক্যবদ্ধ বার্তা দেয়া যাবে বিশ্বকে। আর এতে দেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে ‘নাৎসি মানসিকতার’ সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ‘ভারত মিথ্যা অভিযোগে পাকিস্তানকে দোষারোপ করছে, অথচ পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights