ভারতে ‘ডাইনি’ সন্দেহে স্বামী–স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা
অনলাইন ডেস্ক
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ডাইনি সন্দেহে এক দম্পতিকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। কুসংস্কার ও জাদুবিদ্যা চর্চার সন্দেহে স্থানীয় কয়েকজন তাদের ওপর হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার আসামের কার্বি আংলং জেলার হাওরাঘাট এলাকার ১ নম্বর বেলোগুরি মুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন গার্ডি বিরোয়া (৪৩) ও তার স্ত্রী মিরা বিরোয়া (৩৩)।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, হামলাকারীরা প্রথমে দম্পতির বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর আঘাত করে। পরে ঘরে আগুন লাগিয়ে দিলে দুজনই সেখানে দগ্ধ হয়ে মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনায় জড়িত সন্দেহে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, এলাকাটিতে দীর্ঘদিন ধরেই কুসংস্কারের প্রভাব রয়েছে। ‘অনেকে এখনও নানা গুজব ও অন্ধবিশ্বাসে বিশ্বাস করে, যার ফলে এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটছে।
এ ঘটনায় আসামে আবারও ‘উইচ–হান্টিং’ বা ডাইনি সন্দেহে নির্যাতন ও হত্যার আশঙ্কা সামনে এসেছে। যদিও রাজ্যটিতে এ ধরনের অপরাধ দমনে কঠোর আইন রয়েছে। ২০১৫ সালে প্রণীত ‘আসাম উইচ হান্টিং (প্রহিবিশন, প্রিভেনশন অ্যান্ড প্রোটেকশন) আইন’-এ কাউকে ডাইনি আখ্যা দেওয়া এবং এর জেরে নির্যাতন বা হত্যার জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
সরকারি ও বেসরকারি হিসাব অনুযায়ী, গত এক দশকে আসামে ডাইনি সন্দেহে সংঘটিত সহিংসতায় ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
