ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৩

অনলাইন ডেস্ক

ভারতের উত্তর গোয়ায় একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ২৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

স্থানীয় কর্মকর্তা ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রবিবার ভোরে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার মধ্যরাতে রাজ্যের আরপোরা এলাকার একটি জনপ্রিয় নাইটক্লাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিহতদের মধ্যে বেশ কয়েকজন পর্যটকও রয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, “আজ গোয়ার সবার জন্য খুব বেদনাদায়ক একটি দিন। আরপোরায় একটি বড় অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি ঘটেছে।”

তিনি লেখেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছি। যারা দায়ী হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাস্থলে সাংবাদিকদের প্রমোদ সাওয়ান্ত বলেন, তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক রয়েছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যরাতে ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ওই ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।

গোয়ার পুলিশ মহাপরিচালক অলোক কুমার বলেন, নিহত সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। সূত্র: এনডিটিভি, দ্য গার্ডিয়ান, আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights