ভারতে নিষিদ্ধ দিলজিত-হানিয়ার সিনেমা

অনলাইন ডেস্ক

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের জেরে ভারতে আপাতত মুক্তি পাচ্ছে না দিলজিত দোসাঞ্জের আসন্ন ছবি সর্দারজি ৩। পাকিস্তানি শিল্পীর সঙ্গে কাজ করায় দিলজিতের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে ভারতের বিভিন্ন সংগঠন, যার ফলে ছবির ঝলক পর্যন্ত ভারতে অবমুক্ত করা হয়নি।

ছবিতে দিলজিতের বিপরীতে অভিনয় করেছেন হানিয়া আমির। এ ছাড়া নাসির চিনোতি, ড্যানিয়েল খাওয়ার ও সালিম আলবারের মতো আরও কয়েকজন পাকিস্তানি অভিনেতাও রয়েছেন ছবিটিতে। বিতর্ক শুরু হয় যখন দাবি ওঠে সর্দারজি ৩ থেকে হানিয়াকে বাদ দিতে হবে। কিন্তু নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়, পহেলগাঁও ঘটনার আগেই ছবির শুটিং সম্পন্ন হয়েছিল, তাই হানিয়াকে সরানোর সুযোগ ছিল না।

ভারতের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে পাকিস্তানি শিল্পীদের কাজ ও উপস্থিতি ভারতে নিষিদ্ধ। এর আগেও পাকিস্তানি শিল্পীদের ছবি ও নাম বিভিন্ন সিনেমার পোস্টার ও ট্রেলার থেকে মুছে ফেলা হয়েছে। এই প্রেক্ষাপটে ‘সর্দারজি ৩’ নিয়েও শুরু হয় প্রবল বিতর্ক।

সম্প্রতি ছবির একটি ঝলক প্রকাশ পেলেও তা ভারতে দেখা যাচ্ছে না। ইউটিউবসহ অন্যান্য মাধ্যমে ভারতের দর্শকদের জন্য ছবির প্রচার সামগ্রী প্রকাশ করা হয়নি।

‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ (FWICE)-এর সভাপতি বিএন তিওয়ারি এই ছবির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দিলজিতকে ভারতীয় বিনোদন জগত থেকে নিষিদ্ধ করারও হুঁশিয়ারি দেন।

সবশেষে, অভিনেতা দিলজিত দোসাঞ্জ নিজেই সামাজিক মাধ্যমে জানিয়ে দিয়েছেন, সর্দারজি ৩ মুক্তি পাবে ২৭ জুন, তবে শুধুমাত্র আন্তর্জাতিকভাবে। ভারতের প্রেক্ষাগৃহে আপাতত ছবিটি দেখা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights