ভারতে পাচারকালে বিরামপুর সীমান্তে সাপের বিষ জব্দ

দিনাজপুর প্রতিনিধি :
ভারতে পাচারকালে দিনাজপুরের বিরামপুর সীমান্তে প্রায় ২৩ কোটি টাকা মূল্যের তিন কেজি ৬০১ গ্রাম সাপের বিষ জব্দ করা হয়েছে। বুধবার ভোর রাতে বিরামপুর উপজেলার কাটলা ইউপির গোবিন্দপুর সীমান্ত এলাকা থেকে তা জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিজিবি জানায়, বিরামপুরের দাউদপুর সীমান্তের নামা গোবিন্দপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে সাপের বিষ ভারতে পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এরই ভিত্তিতে মঙ্গলবার দিবাগত মধ্যরাত আনুমানিক ৩টার দিকে দাউদপুর বিওপির টহল কমান্ডার নায়েক আসাদুজ্জামান নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় সাপের বিষভর্তি দুটি কাঁচের জার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ জানান, অবৈধভাবে পাচারের সময় দাউদপুর সীমান্ত এলাকা থেকে সাপের বিষ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ২৩ কোটি ৪০ লাখ ৬৫ হাজার। সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights