ভারতে বসে হাসিনা ষড়যন্ত্র করছেন : এ্যানি

সিরাজগঞ্জ প্রতিনিধি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে শেখ হাসিনা এখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ছাত্র-জনতাকেই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার সকল ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে।

শুক্রবার বিকালে সিরাজগঞ্জের চৌহালী সরকারি কলেজ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের জনগণের কণ্ঠরোধ করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিল। ১৬ বছরে দেশের লক্ষ লক্ষ কোটি অর্থ ও সম্পদ লুটপাট করেছেন। মানুষের ভোটের অধিকার হরণ করেছেন। গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছেন। তার কর্মের ফল হিসেবে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন। এখন তিনি ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

সমাবেশে তিনি শেখ হাসিনা ও তার দোসরদের ষড়যন্ত্র মোকাবিলা করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রাম সফল করাসহ গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিএনপি ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

চৌহালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহিদ মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, সাবেক সভাপতি ইউনুস সিকদার, অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল, সহ-সভাপতি আরিফ বিএসসি প্রমুখ। সমাবেশে চৌহালী, এনায়েতপুর ও বেলকুচি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights