ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা, ক্ষোভ ঝাড়লেন হাসনাত

অনলাইন ডেস্ক
ভারতের কর্নাটকে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার কর্নাটকের কালকেরে লেক সংলগ্ন স্থানে ওই নারীর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘটনা নিয়ে এক পোস্ট করেন তিনি।

পোস্টে হাসনাত লিখেছেন, ভারতে একজন বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বাংলাদেশ এবং বাংলাদেশিদের প্রতি ভারতে বিজেপির (ভারতীয় জনতা পার্টি) তৈরি করা ঘৃণা এখন আক্রোশে রূপান্তরিত হয়েছে। উগ্রবাদী কর্তৃক একজন বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যাকে বাংলাদেশ রাষ্ট্রের সম্ভ্রমহানির চেষ্টা হিসেবেই আমি দেখছি।

তিনি আরও বলেন, ‘ফরেইন মিনিস্ট্রিকে অতিদ্রুত ভারতের কাছে জবাবদিহি চাইতে হবে। হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রেশার ক্রিয়েট করতে হবে। পাশাপাশি, ভারতে থাকা বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নিতে হবে।’

উল্লেখ্য, গত শুক্রবার বেঙ্গালুরুর রামমূর্তি এলাকার কালকেরে লেকের কাছ থেকে ওই বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়। দেশটির পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এই ঘটনা ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights