ভারতে বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি রয়েছে, স্বীকার করল আইসিসি

স্পোর্টস ডেস্ক
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনড় অবস্থান নিয়েছে। নিরাপত্তাজনিত কারণে তারা দু’বার আইসিসিকে চিঠি পাঠিয়েছে। এবার এই দাবির পক্ষে গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিষয়টি আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে সংবাদ সম্মেলনে প্রকাশ করেন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বাংলাদেশ সরকারের স্পষ্ট অবস্থান হলো—বর্তমান পরিস্থিতিতে ভারতে বাংলাদেশ দলের ক্রিকেটার, সমর্থক ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এই প্রেক্ষাপটে ভারতের বাইরে অন্য কোনো দেশে বাংলাদেশের ম্যাচ আয়োজনের দাবি জানানো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে।

এর আগে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর হুমকির মুখে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই ভারতে গিয়ে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে জটিলতা তৈরি হয়। সরকারের নির্দেশে বিসিবিও স্পষ্ট জানিয়ে দেয়, ভারতে গিয়ে খেলা সম্ভব নয়। ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল তখন প্রশ্ন তুলেছিলেন, যেখানে একজন মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করা যায় না, সেখানে পুরো দল ও বিপুলসংখ্যক সমর্থকের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে?

আইসিসির কাছে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরা হলেও শুরুতে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি সংস্থাটি। তবে আইসিসির ‘সিকিউরিটি টিম’ বিসিবির কাছে পাঠানো এক চিঠিতে সরাসরি তিনটি নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করেছে। বিষয়টি নিয়ে ড. আসিফ নজরুল জানান, আইসিসির নিরাপত্তা টিমের চিঠিতে বলা হয়েছে-
১) দলে মুস্তাফিজুর রহমান থাকলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে,
২) বাংলাদেশি সমর্থকেরা জাতীয় দলের জার্সি পরে চলাফেরা করলে তাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে,
৩) বাংলাদেশে নির্বাচন যত ঘনিয়ে আসবে, নিরাপত্তা ঝুঁকিও তত বাড়বে।

এই বক্তব্যের মাধ্যমে কার্যত আইসিসিই স্বীকার করে নিয়েছে যে, ভারতের মাটিতে বাংলাদেশ দল ও সমর্থকদের জন্য বাস্তব নিরাপত্তা শঙ্কা রয়েছে। এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ নির্বাচনকেও ঝুঁকির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রীড়া উপদেষ্টা।

ড. আসিফ নজরুল বলেন,‘আইসিসির এই বক্তব্যই প্রমাণ করে যে বর্তমানে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই। সেরা বোলারকে বাদ দিয়ে দল গঠন করা বা সমর্থকদের জার্সি না পরার শর্ত দেওয়া, এগুলো অবাস্তব ও অগ্রহণযোগ্য।’

তিনি আরও স্পষ্ট করে জানান, এই পরিস্থিতিতে কোনোভাবেই ভারতে গিয়ে বাংলাদেশের বিশ্বকাপ খেলা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights