ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন

শাবিপ্রবি প্রতিনিধি

সম্প্রতি ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে স্থানীয় সংগঠন ‘হিন্দু সংঘর্ষ সমিতির’ হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে’ এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাঈম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন লোকপ্রশাসন বিভাগের মনির হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের আদনান মোহন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের জহিরুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের নাজমুস সাকিব ও উসামা।

সংক্ষিপ্ত বক্তব্যে মনির হোসেন বলেন, “ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে যে সন্ত্রাসী হামলা হয়েছে, সেটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাতের শামিল। বাংলাদেশ বীরের জাতি। গত ৫ আগস্ট স্বৈরাচারমুক্ত দেশ গড়তে যেভাবে সকলে একই ছাতার নিচে জড়ো হয়েছিলাম, একইভাবে নতুন কোনও সংকট দেখা দিলেও আমরা একসাথেই মোকাবিলা করব।”

তিনি আরও বলেন, “ভারত প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলে। তবে দেশটি প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেনি। অতীতে বাংলাদেশের সংকট শিক্ষার্থীরা যেভাবে রুখে দিয়েছে, সেভাবে আমরা ভারতীয় আগ্রাসন রুখে দিতেও সর্বদা সজাগ থাকব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights