ভারতে বিশ্বকাপ খেলতে রাজি পাকিস্তান, তবে…

অনলাইন ডেস্ক

ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। জানা গেছে, ভারতে খেলতে আসতে সম্মতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে নির্দিষ্ট তিনটি মাঠেই ম্যাচ খেলতে চেয়েছেন বাবর আজমরা। যদিও প্রথমে পিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে না আসলে তারাও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। তবে ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিসিবি। তারা ভারতে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত পঞ্চাশ ওভারের বিশ্বকাপে অংশ নিতে রাজি।

প্রাথমিকভাবে জানা গেছে, চলতি বছরে ১৫ অক্টোবর মুখোমুখি হবে দুই দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের কথা ছিল। কিন্তু সেই মাঠে খেলতে চায় না পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও বিশ্বকাপ ফাইনাল খেলা হবে আহমেদাবাদেই। পাকিস্তান যদি ফাইনালে ওঠে, তাহলে অবশ্য নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে তাদের আপত্তি নেই।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, তিনটি স্টেডিয়ামে খেলার কথা বলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তার মধ্যে রয়েছে হায়দরাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরু। পাকিস্তান বোর্ডের পছন্দের তালিকায় রয়েছে কলকাতা, এমনটাও শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত পাক বোর্ডের দাবি অনুযায়ী স্টেডিয়ামের ব্যবস্থা করা হবে কিনা, তা এখনও জানা যায়নি। অন্যদিকে, বিশ্বকাপে ভারতের অভিযান শুরু হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সরকারিভাবে বিশ্বকাপের সূচি এখনও ঘোষণা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights