ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

ভারতের নিট পরীক্ষার অনিয়মের প্রতিবাদে চলমান আন্দোলনে অংশ নিয়েছেন আসামের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী কেশব মহান্তর মেয়ে দিবিসা মহান্ত। বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ ঘটনায় মন্ত্রীকে আক্রমণ বা ট্রল না করার আহ্বান জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।

গত বৃহস্পতিবার গুয়াহাটিতে পরীক্ষার অনিয়মের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেন দিবিসা মহান্ত। বিক্ষোভের বিভিন্ন ভিডিওতে তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দিতে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করতে দেখা যায়।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেমন্ত বিশ্ব শর্মা বলেন, কোনো সন্তানের রাজনৈতিক মতাদর্শের জন্য তার বাবাকে আক্রমণ বা ট্রল করা উচিত নয়। একজন প্রাপ্তবয়স্ক সন্তানের নিজস্ব রাজনৈতিক মত থাকতে পারে, যা তার পরিবারের সঙ্গে নাও মিলতে পারে।

তিনি বলেন, “আমার ছেলে ভবিষ্যতে আইন পেশায় গেলে এমন কাউকে আইনি সহায়তা দিতে পারে, যা আমার পছন্দ নাও হতে পারে। তাই সন্তানদের কর্মকাণ্ডের দায় বাবা-মায়ের ওপর চাপানো ঠিক নয়।”

তবে দিবিসার দেওয়া স্লোগানের সঙ্গে তিনি একমত নন বলেও জানান মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, “সে যে স্লোগানগুলো দিয়েছে, আমি তার সঙ্গে একমত নই। আগামীতে তার সঙ্গে দেখা হলে আমি অবশ্যই বিষয়টি নিয়ে কথা বলব এবং তাকে বোঝানোর চেষ্টা করব যে, সে যা বলেছে তা সঠিক ছিল না।”

এদিকে, পুরো ঘটনায় আসামের মন্ত্রী কেশব মহান্তর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্রঃ দ্য হিন্দু, এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights